গোপনে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড
মো. রুবেল পাহলান
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৫
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অপরাধে মো. রুবেল পাহলান (৩০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ বুধবার সকালে তাকে কারাদণ্ড দেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।
জানা গেছে, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সমুদ্রসৈকতে গোসল করেছিলেন। এ সময় নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও করার সময় এক যুবককে হাতেনাতে আটক করেন সৈকতের ফটোগ্রাফাররা। পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্যুরিস্ট পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিলে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক অভিযুক্ত রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে পুলিয়ে সোপর্দ করা হয়।
স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া বলেন, ‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে পুলিশে দেই।’
দীর্ঘদিন ধরে সমুদ্রসৈকতে ঘুরতে আসা নারীদের গোসলের ভিডিও ধারণ করে কনটেন্ট তৈরি করে আসছিলেন অভিযুক্ত রুবেল। তার প্রমাণ পাওয়ায় মোবাইল ফোনে। রুবেল ভিডিও ধারণ করে অন্য কারো কাছে বিক্রি করেন বলে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘অভিযুক্তকে আটক করে পুলিশ। আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত পর্যটকদের সেবা দিতে। এমন ব্যক্তিদের কোনো ছাড় নেই।’
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
