রাজশাহী সার্কিট হাউসের উন্নয়ন কাজে কাটা হবে ৫২টি গাছ
সার্কিট হাউসের উন্নয়ন কাজে কাটা হবে এসব গাছ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:২৪
রাজশাহী সার্কিট হাউসের উন্নয়ন কাজের জন্য ৫২টি গাছ কাটা হবে। ইতোমধ্যেই এই গাছ ১ লাখ ৫৩ হাজার টাকায় টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। যা নিয়ে স্থানীয় নাগরিক সমাজ ও পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি জানিয়েছে।
রাজশাহী গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, সার্কিট হাউসে এখনকার তিনতলা ভবনের পাশে একটি ছয়তলা ভবন, একটি চারতলা ব্যারাক এবং একটি একতলা কিচেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ছয়তলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে, আর এজন্যই ৫২টি গাছ কাটার টেন্ডার করা হয়েছিল।
নাম্বারিং করা এসব গাছের মধ্যে অন্তত চারটি শতবর্ষী। পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা গাছ কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং গণপূর্ত বিভাগের সঙ্গে তারা দেখা করেন।
রাজশাহী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহ আলম বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে আপত্তি এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিকল্প সমাধান খুঁজে দেখা হবে।
পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজু জানান, গণপূর্ত বিভাগ জানিয়েছে যে গাছ রক্ষা করতে গেলে ডিজাইন পরিবর্তন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, “আমরা বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে আপত্তি জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, নাগরিক সমাজের মতামত নিয়েই কাজ শুরু হবে। পুরনো বড় গাছ কেটে ফেলার পর তা আর পাওয়া যাবে না।”
নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই এই মুহূর্তে গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব নয়। তবে ভবন নির্মাণের পর ফাঁকা জায়গায় নতুন গাছ রোপণের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
- বিষয় :
- নাগরিক সমাজ
- গাছ কাটার অভিযোগ
