ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষার্থীদের বিক্ষোভ
×

ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২১:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি উপ-কমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা ১০টি শর্ত মেনে এ সুবিধা পাবেন। শর্তমতে কেবল পাশমার্ক (৪০) দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ দুইজন পোষ্য কোটায় ভর্তি সুবিধা পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে সন্ধ্যা পৌনে ৭টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন।

এসময় তারা ‘একশন একশন, ডাইরেক্ট একশন’; ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’সহ প্রভৃতি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, নির্লজ্জ প্রশাসন পোষ্য কোটা ফিরিয়ে এনেছেন। আমরা এখানে রাকসু বানচালের ইঙ্গিত লক্ষ্য করছি। এখন আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। 

পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিপন ইসলাম বলেন, পোষ্য কোটা একটা মীমাংসিত বিষয়। এটা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। পোষ্য কোটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমাদের লাশের উপর দিয়ে কোটা বাস্তবায়ন করতে হবে। 

ভর্তি উপ-কমিটির দেওয়া শর্তগুলো হলো, কেবল রাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান এই ভর্তির সুযোগ পাবে; ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতাও এক্ষেত্রে প্রযোজ্য হবে; মেধার ভিত্তিতে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত হিসেবে এ ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হবে; ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা প্রকাশ করা হবে; ভর্তির আবেদন বিবেচনার ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর থাকতে হবে; কোন বিভাগে ২ জনের অধিক ভর্তির সুযোগ পাবে না।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মরত বিভাগে সন্তানকে ভর্তি করতে পারবেন না; সুবিধাপ্রাপ্তদের নিজেদের মধ্যে ‘অটো মাইগ্রেশন’ মাধ্যমে বিভাগ পরিবর্তন করতে হবে; অনিয়মের আশ্রয় নেয়ার বিষয় প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনামায় উল্লেখ করতে হবে; সুবিধার আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থী কোনোভাবেই আবাসিক হলে সিটের জন্য আবেদন করার সুযোগ পাবেনা।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আমাদের দাবির বিষয়ে কিছুটা বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়েছে। তা ছাড়া দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে আমরা রাকসুকে কোনো চাপে ফেলতে চাই না। এই বিষয়টি বিবেচনা করে আজ রাতে একটি সভা করে কর্মসূচি প্রত্যাহার করব।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, ‘আজকে ভর্তি উপ কমিটির একটি সভা ছিলো। সভায় ২০২৪-২৫ বর্ষের ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। তাদের ভর্তি কার্যক্রম নির্দিষ্ট শর্ত মেনেই করা করা হবে।’

আরও পড়ুন

×