ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাতকে দুর্গাপূজার প্রস্তুতি

মণ্ডপে মণ্ডপে প্রতিমায় রঙের আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মণ্ডপে মণ্ডপে প্রতিমায় রঙের আঁচড় দিচ্ছেন শিল্পীরা
×

ছবি: সমকাল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৮

ঘনিয়ে আসছে বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। শিউলি ফুলের মিষ্টি গন্ধে পূজার হাওয়া বইতে থাকবে পুরো দেশের মণ্ডপগুলোতে। ইতোমধ্যে রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেব-দেবী ও অসুরের প্রতিমা। প্রতিমাগুলোতে অনিন্দ্য সুন্দর রূপ দিতে শিল্পীরা এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। 

পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্থতা ততটাই বাড়ছে। মন্দিরে মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতীসহ গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরি শেষে শুরু হয়েছে রঙের কাজ। 

চলতি বছরে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৭টি ও পৌরসভা এলাকায় ১২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার সরেজমিন দেখা যায়, ছাতক শহরের মহামায়া, নাথপাড়া, দাসপাড়া, গোবিন্দগঞ্জ পূর্বপাড়া, ছাতক সদর ইউনিয়নের বাউসা, দোয়ারাবাজার উপজেলার সদরের আখড়া, মংলারগাঁওসহ ১২টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ। 

ছাতকের মণ্ডলীভোগ ও ঘোষবাড়ি এলাকায় প্রতিমা তৈরির স্থানগুলো ঘুরে দেখা গেছে, নিপুণ হাতে কারিগররা প্রতিমা তৈরি করছেন। এখানকার মণ্ডপগুলোতে কারিগর বলরাম পাল ও তাঁর দুই ছেলে পলাশ পাল ও মিঠুন পাল বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন।

কারিগর বলরাম পাল বলেন, চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিক বেড়েছে। ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছেন না। এতে কারিগরদের যে টাকা আয় হওয়ার কথা, তা আর হচ্ছে না। তারা বাবা-ছেলেরা প্রতিমা তৈরি করে যে টাকা আয় করেন তা দিয়ে কোনোমতে সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়ে। 

ছাতক পূজা উদযাপন কমিটির পৌর শাখার সহসভাপতি লিটন ঘোষ বলেন, শারদীয় উৎসবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা একত্র হয়ে আনন্দ ভাগাভাগি করেন। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদী। 

পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায় জানান, বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে কাজে কিছু বিঘ্ন ঘটলেও কারিগরা এখন সেই ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত কাজ করছেন। দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সব রাজনৈতিক দলের সহযোগিতায় এবার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন

×