ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন মনিরুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন মনিরুল
×

মনিরুল ইসলাম

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২২:০১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় মামলা হয়েছে।

জানা যায়, প্রক্টর এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফেরদৌস রহমানের বিশেষ সুপারিশে তাঁর বিভাগের জুনিয়র শিক্ষক মনিরুলকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিয়ে রংপুর শহরে আহত হন শহিদুল ইসলাম। তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ১৪০ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। এতে ১৩৩ নম্বর আসামি হিসেবে আছেন মনিরুল ইসলাম।

এজাহারে শহিদুল ইসলাম উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ৮০০ থেকে এক হাজার ছাত্র-জনতার মিছিল বিকেল ৩টার দিকে রংপুর শহরের টাউন হলের মোড়ে পৌঁছালে আসামিরা হামলা চালান। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হন তিনি।

এ বিষয়ে মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। প্রক্টর ফেরদৌস রহমান বলেন, মামলায় মনিরুল ইসলামের নাম ভুল করে গেছে। বাদী নিজেই বলেছেন, হামলার ঘটনায় শিক্ষক মনিরুল জড়িত ছিলেন না।

আরও পড়ুন

×