ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

পরিচালক পদে চারটি ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১ ব্যবসায়ী

পরিচালক পদে চারটি ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১ ব্যবসায়ী
×

ছবি-সমকাল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২৬

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের জন্য চারটি ক্যাটাগরিতে ৭১ জন ব্যবসায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। রাতে এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন।

এবারে ২৪টি পরিচালক পদের মধ্যে ১৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে অর্ডিনারি ক্যাটাগরি ১২টি পদ ও অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৬টি পদ রয়েছে। অর্ডিনারির ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছিলেন ৪৮ জন। আর অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছিলেন ১৭ জন। তাদের সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদে নির্বাচন হবে না। এই দুটি ক্যাটাগরিতে ছয়টি প্রতিষ্ঠানের ছয়জন প্রার্থী পূর্বনির্ধারিত থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল হক টিম লিডার হিসেবে অর্ডিনারি ক্যাটাগরিতে ২২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৮ জন এবং ট্রেড ও গ্রুপ ক্যাটাগরিতে ৬ জনের মনোনয়নপত্র জমা দেন। আরেকটি টিমে লিডার হিসেবে আছেন এস এম নুরুল হক। তিনিও তার প‍্যানেলের সবাইকে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দান শেষে ব্যবসায়ী নেতা আমিরুল হক বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই । রাজনৈতিক প্রভাবমুক্ত চেম্বার গড়ে তোলাই আমার লক্ষ্য। আমরা সত‍্যিকারের একটা বাণিজ্য নগরী করতে চাই চট্টগ্রামকে।’ আরেক টিম লিডার এস এম নুরুল হক বলেন, ‘ব‍্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকতে চাই আমরা। এটি যাতে সত‍্যিকারের বাণিজ‍্য সংগঠন হয়; সেই লক্ষ্যে কাজ করবো আমরা’।

ব‍্যবসায়ীরা জানান, তারা কাস্টমসের হয়রানি থেকে মুক্তি চান। চট্টগ্রামের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসতে চান। সারা দেশের মধ্যে কেবল চট্টগ্রামে মহাসড়কে স্কেল বসানো হয়েছে। একটি গাড়িতে ১৩ টন পণ্য পরিবহণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রামের প্রতি এটা বিমাতাসুলভ আচরণ। তারা এসব কিছু থেকে পরিত্রাণ চান।

ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে আগামী ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন

×