‘যাদের চাল দরকার তারা কেন বঞ্চিত?’
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৭
হতদরিদ্রদের চালের তালিকায় অনিয়মের অভিযোগ এনে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল রোববার সকালে উপজেলার লেবুবুনিয়া বাজারে অবস্থিত সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে তালিকায় চেয়ারম্যান-ইউপি সদস্যের স্বজন ও প্রভাবশালী পরিবারের সদস্যদের নাম যুক্ত করার অভিযোগ তোলেন।
বক্তারা বলেন, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলসহ অন্য সদস্যরা টাকার বিনিময়ে তালিকা করে গরিবের চাল আত্মসাৎ করছেন। প্রকৃত হতদরিদ্র ব্যক্তিদের নাম বাদ দিয়ে প্রবাসী, চাকরিজীবী ও সচ্ছল মানুষের নামও তালিকায় তোলা হয়েছে। যাদের দরকার, তারা কেন বঞ্চিত হচ্ছেন? এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দ্রুত প্রকৃত হতদরিদ্রদের নাম তালিকাভুক্ত করার দাবি জানান।
তাদের অভিযোগ অস্বীকার করেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল। তাঁর ভাষ্য, ওরা নামই দেয়নি। যেসব নাম তিনি দিয়েছিলেন, তাদের অনেকের নাম বাদ পড়েছে।
ইউপি চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু বলেন, দুই হাজার ১০০ লোকের মধ্যে ৪০০ জনের নামে আসছে। কিছু সমস্যা হয়েছে স্বীকার করে তিনি বলেন, তালিকা যাচাই-বাছাই ট্যাগ অফিসার করেছেন। এখানে তাদের করার কিছু নেই।
- বিষয় :
- রাজাপুর
