টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৮৪ জন উদ্ধার
ছবি-সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:১৭
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে ৮৪ জনকে উদ্ধার করেছে বিজিবি-র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপাস্থিত ছিলেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান এবং কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।
আটকরা হলেন, টেকনাফের বাহারছড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২১), একই এলাকার সাইফুল ইসলাম (২০), ও মো. ইব্রাহিম (২০)
র্যাবের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, ‘টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া-থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজনকে আটক রাখার খবর আসে। রোববার রাতে বিজিবি-র্যার সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। পরে চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তাদের বর্ণনা অনুযায়ী, যৌথ অভিযান চালিয়ে পাচারকারীদের তিনটি আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে।' তাদেরকে সবাইকে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া, তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশি রামদা ও একটি চাকু ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সম্প্রতি টেকনাফে মানবপাচারে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় হয়েছে। তাই টহল-নজরদারীর মাধ্যমে পাহাড়ে অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে কয়েকটি পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানায় হানা দিয়ে সমুদ্রপথে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে।’
- বিষয় :
- টেকনাফ
- মানবপাচারকারী চক্র
