ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালতে জবানবন্দি

সাবেক মন্ত্রী জাবেদ দুই কর্মকর্তার মাধ্যমে পাচার করেন ১২৫ কোটি টাকা

সাবেক মন্ত্রী জাবেদ দুই কর্মকর্তার মাধ্যমে পাচার করেন ১২৫ কোটি টাকা
×

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম ব্যুরো ও কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৩৫

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামান ২০১৪ সাল থেকে বিদেশে অর্থ পাচার শুরু করেন। দুবাই ও যুক্তরাজ্যেই সবচেয়ে বেশি সম্পদ রয়েছে জাবেদ দম্পতির। এ ছাড়া কানাডা, ভারত ও ফিলিপাইনেও তাদের সম্পদ রয়েছে। এসব সম্পদ দেখাশোনা ও হিসাব রাখতেন আরামিট পিএলসির দুই কর্মকর্তা এজিএম আব্দুল আজিজ ও উৎপল পাল। তাদের হাত দিয়ে ১২৫ কোটি টাকা বিদেশে ব্যাংকিং চ্যানেল দিয়ে পাচার হয়েছে। এর বাইরে হুন্ডির মাধ্যমেও পাচার করা হয়েছে শত শত কোটি টাকা।

সোমবার বিকেলে আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেছেন দুই আসামি আরামিটের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল আজিজ ও উৎপল পাল। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আবদুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, জাবেদের অন্ধকার জগতে সম্পৃক্ত হয়ে আজিজ বিদেশের সম্পদ দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম শহরে বাড়ি, চারটি ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। অপর আসামি উৎপল তাঁর সহযোগী।

বিদেশে সম্পদ হাতবদল ঠেকাতে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে রোববার চট্টগ্রাম আদালত জাবেদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন। জাবেদ, রুকমিলা, আজিজ ও উৎপল তারা সবাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি - টাকা ঋণ নিয়ে পাচারের মামলার আসামি।

এ ছাড়া সোমবার রাতে জাবেদ ও তাঁর স্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ঘুষ গ্রহণে দুটি মামলা করেছে দুদক। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের হয়।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের নথিপত্রের সন্ধানে ব্যক্তিগত গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র উদ্ধারের পর থেকে ওই বাড়িতে সুনসান নীরবতা বিরাজ করছে।

সোমবার বিকেলে উপজেলার শিকলবাহা এলাকার ফকিরা মসজিদ এলাকার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, চালক ইলিয়াস তালুকদারের দোতলা বাড়িটি পুরুষশূন্য। ইলিয়াসের চাচাতো ভাই ওসমান তালুকদারের যে ঘর থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, সেটিও তালাবদ্ধ।

আরও পড়ুন

×