হাবিপ্রবি ছাত্র সংসদ
৬ নভেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস
ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৩৩
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এই আশ্বাস দেয়। এ ছাড়া আগামীকাল বুধবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র নিয়ে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার কথাও জানানো হয়েছে।
ট্রেজারার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি আচার্য কর্তৃক অনুমোদনসাপেক্ষে আগামী ৬ নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এর আগে সোমবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা হয়। পরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের নীতিমালা প্রণয়ন উপলক্ষে সব রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার টিএসসির তৃতীয় তলার সভাকক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর সন্ধ্যায় হাবিপ্রবি ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করাসহ কিছু শিক্ষার্থী দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, দুই মাস আগে নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হলেও এখনও গঠনতন্ত্র বা রোডম্যাপের অগ্রগতি নেই। তারা রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
- বিষয় :
- হাবিপ্রবি
