ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেয়রের ক্ষোভের পরদিন চসিক প্রকল্পের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

মেয়রের ক্ষোভের পরদিন চসিক প্রকল্পের তালিকা চেয়েছে মন্ত্রণালয়
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:১২

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোন কোন প্রকল্পের ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঝুলে আছে, তার তালিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার নগরের টাইগারপাস নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

এর আগের দিন নগরের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তাতে তিনি বলেন, ‘আমাদের তিনটা প্রকল্প এখনও এলজিআরডি মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা যখন দেখে যে এটি একটি প্রকল্প, তিনি ফাইলটা আর মন্ত্রণালয়ে রাখেন না; ঘরে নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়। এটি আমার গত ১১ মাসের অভিজ্ঞতা।’

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সোমবারের বক্তব্যের পর মন্ত্রণালয় থেকে কোন কোন প্রকল্প আটকে আছে, প্রকল্পগুলোর ফাইলের নম্বর চাওয়া হয়েছে। সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল সংস্কার করছে সিডিএ। এর বাইরে ২১টি খাল আছে। ১৬ কিলোমিটার নালা আছে, যেগুলো সংস্কারে নতুন যন্ত্রপাতির প্রয়োজন। ১৮ থেকে ২০ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে এগুলো সংস্কার সম্ভব হচ্ছে না। এ প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এ ছাড়া নগরের দুটি ল্যান্ডফিল ভর্তি হয়ে গেছে। যেগুলো যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। নতুন ল্যান্ডফিলের জন্য ৪০ একর ভূমি কেনার অনুমোদনের একটি আবেদন আটকে আছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের যুক্তরাজ্য ও কোরিয়ার দুটি প্রস্তাব মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেছেন। কিন্তু উপদেষ্টার স্বাক্ষরের জন্য এগুলো আটকে আছে। 
 

আরও পড়ুন

×