বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড
.
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৬
বানারীপাড়ায় উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বিষয়ে সমকালে ১৮ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্বে থাকা বিদ্যালয় নিবন্ধন) মো. মাছুম মিয়া মঙ্গলবার বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করেন।
গত ফেব্রুয়ারি মাসে বরিশাল শিক্ষা বোর্ডের এক পত্রে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খানকে সভাপতি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী স্কুল কমিটির সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বিদ্যালয়ে কমিটি গঠনের সময়ে দেওয়া জীবনবৃত্তান্তে সবুর খান নিজেকে বিএ পাস বলে উল্লেখ করেন।
শিক্ষা বোর্ডে অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মামুন ফরাজীর ভাষ্য, বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর খান তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ পাস উল্লেখ করেছেন। আসলে তিনি বিএ পাস নন। বিএনপির নেতা হয়ে দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন।
বক্তব্য জানতে তদন্ত কর্মকর্তা মো. মাছুম মিয়ার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, তদন্ত প্রতিবেদনে
অভিযোগের সত্যতা পেলে ওই বিদ্যালয়ের কমিটি বাতিল করা হবে। এ ছাড়া মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- তদন্তের নির্দেশ
