ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল ফার্মেসিগুলো

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল ফার্মেসিগুলো
×

আড়াইহাজারে ফার্মেসিতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন -সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:১৭

বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান মিয়া ডায়াবেটিস ও প্রেসারজনিত অসুস্থতায় নিয়মিত ওষুধ সেবন করেন। গত সপ্তাহে আড়াইহাজার উপজেলা সদরের সোনারগাঁও ফার্মেসি থেকে চার ধরনের ওষুধ নেন তিনি। দুদিন ওষুধ সেবনের পর দেখেন তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, প্রেসারও বেশি ওঠানামা করছে। পরে তিনি লক্ষ্য করেন, দুটি ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে এক মাস আগে। তিনি জানান, সোনারগাঁও ফার্মেসির মতো উপজেলা সদরের অনেক ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। আসাদুজ্জামানের মতো অভিজ্ঞতা হয়েছে আরও অনেকের। গত ১৭ সেপ্টেম্বর উপজেলার প্রাইম মেডিসিন সেন্টার থেকে ব্যবসায়ী জাকির হোসেন ওষুধ নিতে যান। তিনি হাতে ওষুধ নিয়ে লক্ষ্য করেন সেটি ফিজিশিয়ান্স স্যাম্পল এবং এটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। অবশ্য আসাদুজ্জামান ও জাকির হোসেন মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে কোনো অভিযোগ করেননি। কিন্তু উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়রা এ বিষয়ে বেশকিছু অভিযোগ করেন। এতে তৎপর হয় প্রশাসন। 

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে‌ আড়াইহাজার উপজেলা সদরে ওষুধের দোকানগুলো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় বেশকিছু ফার্মেসিতে ফিজিশিয়ান্স স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ দেখতে পান। তাৎক্ষণিকভাবে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের দায়ে তিন ওষুধের দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো হলো– এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁও ফার্মেসি। প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×