ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীর তিন জেলার বাস ধর্মঘট প্রত্যাহার

রাজশাহীর তিন জেলার বাস ধর্মঘট প্রত্যাহার
×

.

 রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:১৭

বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকরা। ফলে প্রায় ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারমুখী বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

গত সোমবার সকাল থেকে চালক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাসচালককে এক হাজার ৩৫০, সুপারভাইজারকে ৫৭০ ও চালকের সহকারীকে ৫৩০ টাকা দেন মালিকরা। গত ১৫ বছর ধরে এটি চলছে। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মঙ্গলবার বিকেলে বাস মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে নগরীর শিরোইল এলাকায় বৈঠক হয়। মালিকপক্ষ বেতন-ভাতা বাড়ানোর দাবি মেনে নিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে বাস্তবায়নের আশ্বাস দেয়। পরে চালক ও শ্রমিকরা কাজে যোগ দেন।

গ্রামীণ পরিবহনের ব্যবস্থাপক হাসানুজ্জামান জানান, দাবি মেনে নেওয়ায় সন্ধ্যা থেকে তারা সব রুটে বাস চালু করেছেন।

শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে এখন বাসচালক এক হাজার ৭৫০, সুপারভাইজার ৭৫০ ও চালকের সহকারী (হেলপার) পাবেন ৬৫০ টাকা। 

আরও পড়ুন

×