পূবাইলে বহু অপরাধে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির গ্রেপ্তার
বশির আহমেদ- সংগৃহীত ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:৫৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৬
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ত্রাস, ভূমিদস্যু, হত্যা-হামলাসহ বহু অপরাধে অভিযুক্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯নং ওয়ার্ডের জোনাব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে পূবাইল থানা পুলিশ হায়দরাবাদ পুবেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, পূবাইল মূর্তিমান আতঙ্ক বশিরের বিরুদ্ধে বিগত স্বৈরশাসকের সমর্থনে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগ, ভাঙচুর এবং অবৈধভাবে অন্যের জমি জবর দখলের অভিযোগসহ নানা অপরাধে জড়ির থাকার অভিযোগে পূবাইল থানায় মামলা রয়েছে। গাজীপুরে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের ওপর হামলা এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর যে হামলা ও হত্যাকাণ্ড হয় সে ঘটনায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া এলাকায় একাধিক হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। যুবলীগ নেতা মুজিবুর রহমান হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় আসামি হয়েও পরে বাদীদের চাপ দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করারও অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ১৬ বছরে এলাকায় ত্রাস সৃষ্টি করেন বশির। গাজীপুর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রশ্রয়ে এলাকায় সন্ত্রাস ও অপরাধের রাজত্ব তৈরি করেন চাঁদাবাজি, লুট, জমি দখল, হামলা, ভাড়ায় অন্যের জমি দখল করে দেওয়া এবং চাহিদা মাফিক চাঁদা না দিলে ঘরবাড়ি ভাঙচুর করা ছিল তার রুটিন কাজ। শত নির্যাতনের পরও ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলার করার সাহস পেতেন না। শেখ হাসিনা পালানোর পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন বশির ও তার সহযোগীরা।
এ বিষয়ে পূবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার বশির আহমেদের বিরুদ্ধে থানায় হামলা-ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- গাজীপুর
- গ্রেপ্তার
- স্বেচ্ছাসেবক লীগ
