দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ছবি- সমকাল প্রতিনিধি
পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৩০
আসন্ন শারদীয় দুর্গাপূজায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।
জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। চিঠির সূত্র উল্লেখ করে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে আরো একটি চিঠি ইস্যু/জারি করেছেন। বন্ধের পর আগামী ৫ অক্টোবর পূর্বের নিয়মে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৮ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে, তারা চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছে। আগামী ৫ অক্টোবর পুরোদমে ব্যবসায়ী কার্যক্রম পুনরায় চালু করা হবে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘পূজায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’
এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজায় ১ অক্টোবর থেকে ৪ তারিখ সরকারি ছুটি। তবে, শুল্ক (কাস্টমস) দপ্তর পুরোদমে সচল থাকবে।’
- বিষয় :
- স্থলবন্দর
- দুর্গাপূজা
- আমদানি-রপ্তানি বন্ধ
