নওগাঁয় যুক্তি, বিজ্ঞান আর উৎসবের রঙিন দিনে বিজয়ী বিয়াম ল্যাবরেটরি স্কুল
প্রতিযোগিতা শেষে অতিথি, সুহৃদদের সঙ্গে বিতার্কিকরা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:২২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৫
সকাল থেকেই নওগাঁ শহরের প্রশিকা বিদ্যানিকেতন মিলনায়তন ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। সুহৃদ সমাবেশ নওগাঁর আয়োজনে শহরের প্রশিকা বিদ্যানিকেতনে ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নওগাঁ জেলা পর্ব যেন বিতর্ক সংশ্লিষ্ট মানুষের মিলনমেলা।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মাদ সাফিউল সারোয়ার বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন– নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন, মডেল থানার ওসি নুর আলম সিদ্দিকীসহ নওগাঁ সরকারি কলেজের বাংলা, ইংরেজি, অর্থনীতি ও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের শিক্ষকমণ্ডলী, জেলা শহরের আটটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।
শিক্ষার্থীদের পুলিশ সুপার বলেন, এ প্রতিযোগিতা কেবল বিতর্ক নয়, এটি আগামী দিনের নেতৃত্ব তৈরির একটি ক্ষেত্র। বইয়ের পাতা মুখস্থ করলে হয়তো পরীক্ষায় ভালো করা যায়, কিন্তু সমাজ ও দেশ গঠনের জন্য প্রয়োজন যুক্তি, চিন্তা ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি।
তিনি আরও যোগ করেন, আমাদের প্রজন্ম যদি কেবল পাঠ্যবইয়ের জগতে সীমাবদ্ধ থাকে, তবে তারা নতুন কিছু উদ্ভাবন করতে পারবে না। তাই তোমাদের প্রতিটি বক্তব্যে যে যুক্তি আমরা শুনছি, সেটিই একদিন তোমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার হবে। বিজ্ঞানভিত্তিক চিন্তাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষার্থীদের করতালিতে মিলনায়তন ভরে ওঠে। উপস্থিত শিক্ষক-অভিভাবকরাও পুলিশ সুপারের বক্তব্যকে অনুপ্রেরণাদায়ী হিসেবে অভিহিত করেন। প্রথম রাউন্ডে অংশ নেয় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান– নওগাঁ সরকারি জিলা স্কুল, সরকারি কেডি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়, সীমান্ত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়। প্রাণবন্ত উপস্থাপনা আর দর্শকদের করতালিতে প্রতিটি পর্ব হয়ে ওঠে আকর্ষণীয়।
বিকেলে চূড়ান্ত রাউন্ডে মুখোমুখি হয় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার জিতে নেয় নবম শ্রেণির ছাত্রী রাদিয়া সিয়ামিম। সেমিফাইনাল থেকে সেরা বক্তা নির্বাচিত হয় নুসরাত জাহান তৃপ্তি।
সুহৃদ সমাবেশ নওগাঁর সভাপতি মৌদুদুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেবের উপস্থিতিতে চূড়ান্ত রাউন্ডে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন। বিচারকমণ্ডলীতে ছিলেন নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জয়পুরহাট মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নওগাঁ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহিল কাফী, জয়পুরহাট সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক বাকী বিল্লাহ এবং সুহৃদ সমাবেশের সহসভাপতি মুরাদ হোসেন, মোসাদ্দেক হোসেন ও পুতুল রানী ব্যানার্জী।
দিনজুড়ে বিতর্কের উত্তাপ আর উৎসবের আবহে ভরে ওঠে নওগাঁ। যুক্তির সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অতিথিদের মনে আশার সঞ্চার করে। সমাপনী বক্তব্যে সবাই একমত হন– শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চাই গড়ে তুলবে প্রগতিশীল ও আলোকিত বাংলাদেশ।
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- বিতর্ক প্রতিযোগিতা
