ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষার্থীদের পেটানো সেই বাগছাস নেতার পদ স্থগিত

শিক্ষার্থীদের পেটানো সেই বাগছাস নেতার পদ স্থগিত
×

বাগছাস নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি। ছবি-সংগৃহীত

রংপুর অফিস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৩৭

ক্লাসে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে পেটানো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সদস্য পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয় ওই নোটিশে। 

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বাগছাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, সিনিয়র সংগঠক নাঈম আবেদীন এবং সদস্য মোহাম্মদ আরশাদ হোসাইন। বুধবার সমকালে ‘ক্লাসে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমতি। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হলে গত ১৮ জুলাই বাগছাসের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হন ইমতিয়াজ। 

গত ৪ সেপ্টেম্বর তিনি বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল শুনে ‘অকৃতকার্য হওয়া’ শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হন। এর পর একে একে তিনটি শ্রেণিকক্ষে (অষ্টম, নবম ও দশম) ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত করেন। এ কারণে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং একজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে হয়। এ ঘটনায় একজন অভিভাবক থানায় জিডিও করেছেন। পরে প্রধান শিক্ষক ও অভিযুক্ত ইমতিয়াজ আহমেদ অভিভাবকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। 

সভাপতি হয়ে হারাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণহারে পেটানোর অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সদস্য পদ স্থগিত করা হয়।

তবে এ ব্যাপারে জানতে বুধবার রাতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইমতিয়াজ আহমেদ ইমতি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

×