পুলিশের চোখে পলাতক আসামি বিএনপি নেতার সভায় হাজির
পূজামণ্ডপে বিএনপি নেতা মঞ্জুর এলাহীর অনুদান বিতরণ অনুষ্ঠানে হামলা-মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান বাবুল মৈশান (বাঁ থেকে দ্বিতীয়) -সমকাল
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৭
শিবপুরে হামলা, ভাঙচুর, মারধরের মামলার প্রধান আসামিকে নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের এক সভা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শিবপুর উপজেলার কলেজগেট বাঁশ বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা হয়। এ নিয়ে বিএনপির নেতাকর্মীর মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে চক্রধা ইউনিয়নের বিলসরন গ্রামে মোমেন শেখের বাড়িতে জমির বিরোধ মীমাংসায় একটি সালিশ-বৈঠক হয়। এই সালিশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় সাতজনের নামে থানায় একটি মামলা করেন মোমেন শেখের স্ত্রী কুলসুম বেগম। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় পাঁচ-ছয়জনকে। তিন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মাহমুদুল হাসান বাবুল মৈশানকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে, প্রধান আসামি পলাতক। অথচ গতকাল বুধবার উপজেলা সদরে বিএনপি নেতার সভায় উপস্থিত ছিলেন তিনি।
শিবপুর থানার ওসি আফজাল হোসাইন বলেন, বাবুল মৈশান ওই মামলার প্রধান আসামি। তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএনপির সভায় উপস্থিত থেকে সভা করছেন প্রধান আসামি, তাঁকে পলাতক বলা হচ্ছে কেন? উত্তরে ওসি বলেন, ওই সভায় পুলিশ উপস্থিত ছিল না।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবপুরে ৭২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিতে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহীর আয়োজনে এই সভা হয়েছে। মনজুর এলাহী ব্যক্তিগতভাবে ৭২টি পূজামণ্ডপের প্রতিটিতে সাড়ে পাঁচ হাজার করে মোট তিন লাখ ৯৬ হাজার টাকা অনুদান দিয়েছেন।
সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী। সঞ্চালনা করেন শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়। সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌর বিএনপির সভাপতি হামলা, ভাঙচুর, মারধরের মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ প্রমুখ।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে বার বার ফোন করলেও রিসিভ করেননি। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার জানান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশানের নামে থানায় মামলা রেকর্ড হয়েছে। আদালত থেকে ওয়ারেন্ট হয়নি। তবে তিনি সভায় অনুপস্থিত থাকলে ভালো হতো।
- বিষয় :
- পুলিশ
- পলাতক আসামি
- শিবপুর
- বিএনপি
