ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিক নির্যাতনের ঘটনায় রংপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি

সাংবাদিক নির্যাতনের ঘটনায় রংপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলি
×

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

রংপুর অফিস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৪১

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর ও হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে বদলি করা হয়েছে। তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়। এর আগে এ ঘটনায় সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়। তারা হলেন- ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তন্ময়। 

এদিকে সাংবাদিক অপহরণ, মারধর ও হেনস্তার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর শালবন মিস্ত্রিপাড়ার মহসিন মিয়ার ছেলে রকিবুল ইসলাম সাগর ও পূর্ব অভিরাম ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে রতন মিয়া।

উল্লেখ্য, দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে গত ২১ সেপ্টেম্বর নগরীর কাচারীবাজার থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে সিটি করপোরেশনেরে এনে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। এ ঘটনার পর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা প্রধান ফটক আটকে অন্য সাংবাদিকদের হেনস্তা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত আলী বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তার দাবিতে রংপুর বিভাগজুড়ে সাংবাদিকরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

×