নেত্রকোনায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়, রানার্সআপ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
অতিথিদের সঙ্গে প্রতিযোগিতার বিজয়ীরা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৯
‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে নেত্রকোনা কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সামিয়া ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ক্রেস্ট ও সব শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
অংশ নেওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো–নেত্রকোনা অঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, রাজুর বাজার কলেজিয়েট স্কুল, চল্লিশা মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা কালেক্টরেট স্কুল, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক ননীগোপাল সরকার। সমকাল সুহৃদ সমাবেশ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সাহার সভাপতিত্বে ও সম্পাদক সুস্থির সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–নেত্রকোনা কালেকটরেট স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার, সিনিয়র সাংবাদিক নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, আবু আব্বাস কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, অধ্যাপক হারাধন সরকার, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, অধ্যাপক মো. শাহজাহান প্রমুখ।
দিনব্যাপী যুক্তিতর্ক ও যুক্তি খণ্ডনের লড়াইয়ে বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যাপক হারাধন সরকার, শিক্ষক মো. আসলাম মিয়া, সুস্থির সরকার, অধ্যাপক মো. শাহজাহান। মডারেটরের দায়িত্বে ছিলেন নাজমুল কবীর সরকার। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্বে ছিলেন সমকাল জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ, সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুহৃদ জেলা কমিটির সদস্য আবুল খায়ের শাহ ফকির, মেহেদী হাসান মুন্না ও সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন তৃণা আক্তার।
