মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বার্তা নেতাদের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৪
| প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। স্থানীয়রা বলছেন, সুনামগঞ্জ-১ ও ২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা হিন্দু ভোটারদের নজরে আসতেই মণ্ডপগুলো ঘুরছেন।
দুর্গোৎসবের ষষ্ঠী পূজা থেকেই মণ্ডপে মণ্ডপে যাওয়া শুরু করেছেন এই দুই নির্বাচনী এলাকার প্রার্থীরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কেউ কেউ পূজা কমিটিকে অর্থ সহায়তা, আবার কারও কারও পক্ষ থেকে তাদের উপহারও দিচ্ছেন তারা।
আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ থেকে মনোনয়নপ্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শুক্রবার থেকেই জামালগঞ্জসহ অন্যান্য এলাকায় সময় দিচ্ছেন। রোববার সাচনাবাজার ও আশপাশের পাঁচটি পূজা মণ্ডপ এবং সোমবার ধর্মপাশার সুখাইড়সহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে যান তিনি। তরুণ নেতা হওয়ায় তাঁর সঙ্গে স্থানীয় তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। সেই সঙ্গে জামালগঞ্জ বিএনপির দায়িত্বশীলরা সবাই ছিলেন মাহবুবের শুভেচ্ছা পরিদর্শনে। এ সময় মাহবুবুর রহমান বলেন, প্রশাসন এবং মণ্ডপের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছেন। তাঁর সহযাত্রীরা অধিকাংশই ছাত্রদল ও যুবদলের পরিশ্রমী নেতাকর্মী। প্রয়োজনে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেও প্রস্তুত।
এই আসনের আরেক নেতা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক শুক্রবার বিকেলে উত্তর শ্রীপুর পূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে পূজার শুভেচ্ছা বিনিময় শুরু করেন। শনিবার আনিসুল হক জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরেছেন। রোববার তাহিরপুরের বিভিন্ন মণ্ডপে গেছেন। আনিসুল জানান, নির্বাচনী এলাকার চার উপজেলার ১৩৩ মণ্ডপেই তিনি নিজে যাওয়ার চেষ্টা করছেন।
একইভাবে প্রয়াত সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা নজিরও ঘুরছেন মণ্ডপে মণ্ডপে। রোববার জামালগঞ্জের সাচনাবাজারে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এদিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল সোমবার জামালগঞ্জ থেকে পূজার শুভেচ্ছা বিনিময় শুরু করেন। আগামী তিন দিন তাঁর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুসারীরা।
বিএনপি নেতাদের পাশাপাশি জামায়েতের জেলা আমির তোফায়েল আহমদ খানও বাঙালি হিন্দুদের শুভেচ্ছা জানাতে মণ্ডপগুলোতে ঘুরছেন। শনিবার তিনি ধর্মপাশায় হিন্দু ধর্মাবলম্বী অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জামায়াতের এই নেতা বলেন, এলাকায় দলের নেতাকর্মীদের বলে দেওয়া হয়েছে, সবকিছু যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেভাবে প্রয়োজনীয় সহযোগিতা দিতে।
জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদারও মণ্ডপগুলোতে সময় দিচ্ছেন। বুধ ও বৃহস্পতিবার এলাকার পূজা মণ্ডপগুলোতে ঘুরবেন তিনি। সুনামগঞ্জ-২ আসনে মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি ও শিশির মনির– এ দুই বিএনপি নেতা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শিশির মনিরের পক্ষ থেকে রোববার শাল্লা কালীমন্দিরে ও শ্বাসখাই মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। বিচাপরপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি রোববার দিরাই উপজেলার রাজানগরের পাঁচটি মন্দিরে গেছেন। আগামী তিন দিন দিরাই-শাল্লার বিভিন্ন দুর্গা মণ্ডপে যাবেন তিনি।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়ও যোগাযোগ রাখছেন বিভিন্ন মণ্ডপের পূজার্থীদের সঙ্গে।
- বিষয় :
- শুভেচ্ছা
