ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বরিশালে জমজমাট যুক্তিতর্ক, চ্যাম্পিয়ন কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় 

বরিশালে জমজমাট যুক্তিতর্ক, চ্যাম্পিয়ন কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় 
×

প্রতিযোগিতা শেষে অতিথিদের সঙ্গে বিজয়ী বিতার্কিকরা

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:১৪

বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায় ১৩ সেপ্টেম্বর উৎসবমুখর ছিল নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারী আটটি বিদ্যালয়ের যুক্তি-তর্কের লড়াইয়ে দিনশেষে চ্যাম্পিয়ন হয় কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও ক্রেস্ট দেন সমাপনী অনুষ্ঠানের অতিথি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান। সকালে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। 

অতিথিরা উৎসবের প্রশংসা করে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু হতে হবে। সমকালের এ আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কুংসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখবে। 

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, মন ও মননের সঙ্গে বিজ্ঞানকে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞান শিক্ষা সংবিধানে আবশ্যক করা হলে তার ধারাবাহিকতায় সমাজ, সংস্কৃতি, শিক্ষায় বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটবে তৃণমূল পর্যন্ত।

অংশ নেওয়া অন্য স্কুলগুলো হলো–কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজকে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও আছমত আলী খান ইনস্টিটিউশন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুহৃদ সমাবেশের বরিশাল ইউনিটের সভাপতি শামীম মাহমুদ। সমন্বয়ক করেন বরিশাল ব্যুরো ইনচার্জ সুমন চৌধুরী। এ ছাড়া বরিশালের সুহৃদরা সার্বিক আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
 

আরও পড়ুন

×