ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক মন্ত্রী নূরুল মজিদের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

সাবেক মন্ত্রী নূরুল মজিদের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
×

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১৮:৫১

হাসপাতালের বিছানায় শায়িত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরিহিত ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে৷ হ্যান্ডক্যাপ পরহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারপরেও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

আজ বুধবার দুপুরে কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাগড়াছড়ির গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পায়নি। খাগড়াছড়ির ঘটনায় পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন হবে। 

হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। আনন্দের সঙ্গে উদযাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে।

এর আগে সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রতি মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃরা।

আরও পড়ুন

×