ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা
×

হায়াত উদ্দিন। ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ২৩:০৫ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ | ২৩:২৪

বাগেরহাট সদরে হায়াত উদ্দিন (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনও করেছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় ওই সংবাদকর্মীর ওপর হামলা হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা হায়াত উদ্দিনের ওপর হামলা চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। হামলার কারণও এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই সাংবাদিকের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

×