ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮

ফরিদপুরে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮
×

ছবি: সংগৃহীত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:০১

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে দোহার উপজেলার চর মৈনট ঘাটে যাওয়ার পথে একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে গোপালপুর ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনায় দুর্গা রানী রায় (৫৭) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আটজন।

নিহত দুর্গা রানী চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং বিমল রায়ের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীরা প্রায় পৌনে এক ঘণ্টা নদীতে ভেসে ছিলেন। পরে আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত নৌযানে মোট ১৮ জন যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে নিহত দুর্গা রানী রায়ের নাতি তিন বছরের শিশু লক্ষণ রায়ও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন- মারিয়া আক্তার (২৫), সিফা আক্তার (২০), মাসুদ আলমসহ (২৯) আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যাত্রী সদরপুর উপজেলার চর রাম নগর গ্রামের বাসিন্দা মাসুদ আলম বলেন, ‘পদ্মা নদী পারাপারে সাধারণত একটি স্পিডবোটে ১২ জন যাত্রী নেওয়ার নিয়ম থাকলেও দুর্ঘটনাকবলিত বোটটিতে ১৮ জন যাত্রী ছিলেন। মৈনট ঘাটে পৌঁছানোর আগেই নদীর স্রোত ও ঢেউয়ের কারণে স্পিডবোটের তলা ফেটে গিয়ে উল্টে যায়।’

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ননী গোপাল হালদার জানান, ‘একজনকে নিহত ও আটজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে মারিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছি এবং নৌবাহিনীকে অবহিত করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে আসি এবং স্বজনদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। যদি কোনো অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×