সরকারি বরাদ্দের এক টাকা নেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা: সারজিস
ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ২০:৩৬
সরকারি বরাদ্দের এক টাকা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার দুপুরে জেলার তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে ঐতিহাসিক তেতুলতলায় ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, মসজিদ, মন্দির ও গির্জা কমিটির যদি কেউ এখান থেকে এক টাকা নষ্ট করার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, পকেটে ঢুকানোর চেষ্টা করে তার বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নিবো।
তিনি বলেন, একটা কাজ হচ্ছে সেটার পিছনে কেউ লাগতে যাবেন না। আমরা বিশটা কাজ এনেছি, আপনারা একশটা নিয়ে আসেন। এটা এলাকার উন্নয়নে সবার জন্য ভালো।
একটা কাজ হচ্ছে তাকে সহযোগিতা করা দরকার উল্লেখ করে তিনি বলেন, একজন একটা ভালো কাজ করতেছে, তাকে সহযোগিতা করি। না করতে পারলেও অন্তত বাধাটা না দেই।
তেঁতুলিয়ার পর্যটন শিল্প সম্পর্কে সারজিস বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন কক্সবাজার ও তেঁতুলিয়ার নাম জানে। এখানে অর্গানিক চা উৎপাদন হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাইরে থেকে যেসব লোকগুলো আসছে তাদের সাথে ভালো ব্যবহার করা।
তিনি আরও বলেন, তেঁতুলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। দয়া করে আমরা যেন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। ময়লা আবর্জনা পড়ে থাকলে পর্যটকরা পছন্দ না করে। পরিবেশটা সুন্দর রাখা গুরুত্বপূর্ণ।
পঞ্চগড়ের উন্নয়নে এক সঙ্গে কাজ করার প্রসঙ্গে সারজিস বলেন, আমাদের পঞ্চগড়ে ন্যূনতম একটা জিনিস রাখবেন, কোন দল দেখার দরকার নাই, বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন আর ইসলামী দল কিংবা অন্য কোন রাজনৈতিক দল বলেন আমাদের এক সঙ্গে কাজ করাটা জরুরি।
- বিষয় :
- পঞ্চগড়
- সারজিস আলম
- আইনগত ব্যবস্থা
