মামলার প্রতিবাদে তিন সাংবাদিক সংগঠনের মানববন্ধন
বাসিয়া সেতুর ওপর মানববন্ধন করা হয়। ছবি: সমকাল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ০৭:১৩
সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বাসিয়া সেতুর ওপর বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। এ ছাড়া দেশব্যাপী সাংবাদিক হত্যা, হামলা, মামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সহসভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বর্তমান আহবায়ক মশিউর রহমান প্রমুখ।
২৭ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘কোটি টাকার খাসজমি আত্মসাৎচেষ্টা : বিশ্বনাথে উত্তেজনা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে ২৯ সেপ্টেম্বর সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন তেঘরী গ্রামের আইনজীবী শামীম আহমদ।
