বিকল কাভার্ডভ্যানে রূপগঞ্জে সাত কিমি যানজট
কাঁচপুর থেকে বরপা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় সোমবার দিনভর ছিল যানজট সমকাল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০৭:৫৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ১২:০৭
| প্রিন্ট সংস্করণ
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান বিকল হয়। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকায় দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। কাভার্ডভ্যানটি সরানো হলে রাত ৮টার দিকে যানজট নিয়ন্ত্রণে আসে।
যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, তারাবো বিশ্বরোড থেকে বরাবো বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভারী যানবাহন বিকল হয়ে প্রায়ই এ এলাকায় যানজটের সৃষ্টি হয়। গতকাল সকালে যাত্রামুড়া এলাকায় বিকল কাভার্ডভ্যানের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এতে কাঁচপুর থেকে বরপা পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। যানবাহনের দীর্ঘ সারিতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সংশ্লিষ্টরা জানান, সড়ক বিভাজক না থাকায় কাভার্ডভ্যানটি বিকল হওয়ার পর উভয় দিকের সড়কে যানজট লেগে যায়। দুপুর গড়াতে গড়াতে যানজট ছড়িয়ে পড়ে কাঁচপুর থেকে বরপা পর্যন্ত সাত কিলোমিটার এলাকায়।
গতকাল বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের চালক কামাল হোসেন সমকালকে বলেন, বিকেল ৩টায় বরপা পার হয়েছি, এখন বিকেল ৪টা– তারাবো বিশ্বরোডেই আটকে আছি। প্রায়ই এমন হয়, রাস্তা ঠিকঠাক না থাকায় গতি তোলা যায় না।
ঢাকামুখী ট্রাকচালক আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তা দিয়ে যাওয়া মানেই দুর্ভোগ। যখনই আসি, যানজটে আটকা পড়তে হয়।
কর্ণগোপ এলাকার বাসিন্দা নাছিম মিয়া বলেন, দোকানের জিনিসপত্র আনতে ঢাকায় যাচ্ছিলাম, কিন্তু রূপসী এলাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শেষে বাড়ি ফিরে আসতে হয়েছে।
শিমরাইল হাইওয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, যাত্রামুড়া এলাকায় বিকল হওয়া কাভার্ডভ্যান সরানো হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
- বিষয় :
- যানজট
- রূপগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
- কাভার্ডভ্যান
