নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৩:৩৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ | ১৫:১৬
নড়াইলের নড়াগাতীতে একটি পুকুর থেকে কাওসার শেখ (১৫) ও তাসলিমা খানম (৭) নামের দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দু’জন নড়াগাতীর শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শিশুদের মায়ের অভিযোগ, তার ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে। যদিও বাবার দাবি, সাঁতার না জানায় পানিতে ডুবেই সন্তানদের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানিয়েছে, তাসলিমা দশম শ্রেণি এবং কাওসার শেখ দ্বিতীয় শ্রেণি শিক্ষার্থী ছিল। মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ির পাশে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
শিশু দুটির মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অভিযোগ করে তিনি বলেন, গত ৯ মাস আগে আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলে এখন দাবি করা হচ্ছে ডুবে মারা গেছে।
তবে ওই দুই শিশুর বাবা আজিবর শেখ দাবি করেন, তার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- নড়াইল
- রহস্যজনক মৃত্যু
