চট্টগ্রাম
ক্ষতিপূরণের আশ্বাসে হেফাজতের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
ছবি: সমকাল
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৫:৪৩
চট্টগ্রামের রাউজানে হেফাজত নেতা সোহেল চৌধুরীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় নয় বরং তাকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবি করে এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মী। আজ বুধবার ভোর থেকে উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এবং পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মানিকছড়িতে অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতের নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। এতে ওই অঞ্চলের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ, হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়া, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, নিহতের পরিবারের সদস্য ও অবরোধকারীদের প্রতিনিধি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নিহতের প্রতিনিধিদের সঙ্গে বসে সমাধান করা হয়েছে। তাদের ২ লাখ টাকা ক্যাশ দেওয়া হবে, বাস মালিক সমিতির থেকে। সরকার থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারের পাশে থেকে সকল সহযোগিতা করা হবে। এই আশ্বাস দিয়ে সমাধান করা হয়েছে।
- বিষয় :
- হাটহাজারী
- হেফাজতে ইসলাম
- অবরোধ প্রত্যাহার
