খাগড়াছড়িতে উৎসবমুখর বিতর্কে চ্যাম্পিয়ন নতুনকুঁড়ি ক্যান্ট. হাই স্কুল
বিতর্ক শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১৪:৪০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১৪:৫৯
খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নতুনকুঁড়ি ক্যান্ট. হাই স্কুল। যুক্তিতর্কের লড়াই শেষে টিউফা আইডিয়াল হাই স্কুল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিকের নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী মণি কর্নিকা খীসা। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনজীবী নেতা জসিম উদ্দিন মজুমদার এবং খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দুলাল হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা গোমতী বি কে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী এবং সাংবাদিক চিংমেপ্রু মারমা।
অংশগ্রহণকারী স্কুলগুলো হলো– সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং এপিবিএন উচ্চ বিদ্যালয় অন্যতম।
চূড়ান্ত বিতর্কে বিজয়ী চ্যাম্পিয়ন দল আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত বিভাগীয় উৎসবে অংশগ্রহণ করবে।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- বিতর্ক প্রতিযোগিতা
- বিএফএফ
