ধর্ম অবমাননায় অভিযুক্তের হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার
গ্রেপ্তার গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে (৩৮) আদালতে নেওয়ার সময় তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ২১:৩৭
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে (৩৮) আদালতে নেওয়ার সময় তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিলে দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের এই মামলায় আদালত শামীম আশরাফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার শামীম আশরাফকে গত ৭ অক্টোবর কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।
ঘটনাটির প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, অভ্যন্তরীণ কারণ এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে কোতোয়ালি মডেল থানায় কর্মরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এবং চারজন কনস্টেবল। তবে তাৎক্ষণিকভাবে কনস্টেবলদের নাম জানা যায়নি।
আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমানও জানান, আসামিকে আদালতে আনার সময় পতাকা দেখার বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শামীম আশরাফকে আটক করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি কমেন্টের পাল্টা জবাবে ‘ধর্ম অবমাননাকর’ মন্তব্য করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেম-উলামারা তাঁর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দিতে থাকেন।
এ ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের বাসিন্দা ও খেলাফত মজলিসের নেতা মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেন।
শামীম আশরাফকে গ্রেপ্তারের পর গত ৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ওইদিন রিমান্ড শুনানি না হওয়ায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বিষয় :
- আদালত
- ধর্ম অবমাননা
- পুলিশ
- রিমান্ড
- ময়মনসিংহ
