বাসের ধাক্কায় প্রাণ গেল রাবি শিক্ষকের
আহত আরেক শিক্ষক হাসপাতালে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়
রাজশাহী ব্যুরো ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২২:৪৮
মাছ ধরার শখ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়ের। প্রায়ই বিভিন্ন স্থানে মাছ শিকার করতে যেতেন তিনি।
শুক্রবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে এক সহকর্মীকে নিয়ে রওনা দেন রাজশাহীর মোহনপুরের দিকে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেননি শিব শংকর। বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর সহকর্মী দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।
শিব শংকর রায় পাবনার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিব শংকর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুক্রবার ভোরে অধ্যাপক শিব শংকর ও আসাদুজ্জামান বাদশা মোহনপুরে এক জলাশয়ে টিকিট কেটে মাছ ধরতে যাচ্ছিলেন। আসাদুজ্জামানের ভেসপা মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন শিব শংকর। নওহাটা আনসার-ভিডিপি ক্যাম্পের কাছে ভোর সাড়ে ৫টার পর একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শিব শংকর।
স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে শিব শংকরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অধ্যাপক আসাদুজ্জামানের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তিনি রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এদিন দুপুরে অধ্যাপক শিব শংকরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে আনা হয়। উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অধ্যাপক শিব শংকরের স্ত্রীর কয়েক মাস আগে ক্যান্সার শনাক্ত হয়। এ নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। তাঁর ফেসবুক আইডির শেষ পোস্টটিও স্ত্রীকে নিয়ে লেখা। পোস্টে তাঁর এবং তাঁর স্ত্রীর ছবি আছে এবং ক্যাপশনে লেখা– ‘অনেকটা পথ এখনও বাকি...সামনের জানুয়ারিতে ২৯তম বছর হবে।’
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘স্যারের স্ত্রী ক্যান্সার আক্রান্ত। এ নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। প্রায়ই ক্লাস নিতে নিতে বলতেন, তোমাদের ম্যাডামের কিছু হলে আমি বাঁচতে পারব না। সৃষ্টিকর্তা যেন তোমাদের ম্যাডামের আগে আমাকে এ পৃথিবীতে থেকে নিয়ে যান। আমি বেঁচে থাকা অবস্থায় তার কিছু হয়ে গেলে আমি এই যন্ত্রণা সইতে পারব না।’
অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
