গুদামে পচা চাল রাখার দায়ে স্থায়ী বরখাস্ত হলেন খাদ্য কর্মকর্তা
মো.বাচ্চু মিয়া
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০২:৫৭
গুদামে পচা চাল রাখার দায়ে এবার স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ গুদামের প্রধান কর্মকর্তা উপ খাদ্য পরিদর্শক মো.বাচ্চু মিয়াকে। বৃহস্পতিবার উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয় খাদ্য মন্ত্রণালয়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে গুদামে দুর্গন্ধ যুক্ত পচা ও নিম্নমানের চাল দেখতে পাওয়া যায়। পরে নমুনা পরীক্ষা করে নিন্মমানের হওয়ায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়। ৫ সেপ্টেম্বর অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে মো. বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে খাদ্য কর্মকর্তার বাচ্চু মিয়া দাবি করেছিলেন, সব নয় অল্পকিছু চাল খারাপ ছিল। তার মতে কিছু মিলমালিক খারাপ ধান সরবরাহ করায় সেগুলো থেকে করা চালগুলোর মান কিছুটা খারাপ ছিল।
জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচিসহ সরকারের অন্যান্য কর্মসূচিতে বিতরণের জন্য এই চাল মজুত করেছিল গুদাম কর্তৃপক্ষ।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, গুদামে বিপুল পরিমাণ পচা দুর্গন্ধময় চাল পাওয়ার অপরাধে খাদ্য কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে স্থয়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
- বিষয় :
- গুদাম
- চাল
- খাদ্য কর্মকর্তা
