ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
×

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ১০:৫৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ১১:৪৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান তিন মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়াই ইতালিতে অবস্থান করছেন। এতে দাপ্তরিকসহ ইউনিয়নের সার্বিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। তবে ইউপি চেয়ারম্যানের বিদেশে অবস্থানের ব্যাপারে অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিছু জানেন না বলে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওই ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য মো. আলী আকবর জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হেলাল উদ্দিন। তবে তার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাল মিয়া জানান, চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বর্তমানে ইতালি আছেন। তবে চেয়ারম্যান ছুটি নিয়েছেন কিনা, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। চেয়ারম্যান কীভাবে ইতালি গেছেন, এ নিয়ে তাঁর সঙ্গে কেউ আলাপও করেননি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদেক সরকারও চেয়ারম্যানের তিন মাস ধরে ইতালিতে অবস্থানের কথা নিশ্চিত করেছেন।

ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, চেয়ারম্যান আনোয়ার হোসেন খান গত ২ জুলাই ইতালি চলে গেছেন। তিনি ফেসবুকে সক্রিয় রয়েছেন। এলাকার বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে স্ট্যাটাস দেন। এতে মনে হতে পারে তিনি এলাকাতেই আছেন। আসলে তিনি ইতালিতে আছেন। এ কারণে জনগণ অনেক গুরুত্বপূর্ণ কাজে চেয়ারম্যানকে পাচ্ছেন না।

চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের কোনও দলীয় পদ না থাকলেও তিনি আওয়ামী লীগ করেন বলে স্থানীয়রা জানান। তিনি আগে থেকেই ইতালি প্রবাসী। ইতালি থেকে এসেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে তখন দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সবাইকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে দলীয় প্রতীক দেওয়া হয়নি।

চেয়ারম্যানের তিন মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া ইতালিতে অবস্থানের বিষয়ে অষ্টগ্রামের ইউএনও মোছা. দিলশাদ জাহানকে ফোন করা হলে তিনি সমকালকে জানান, চেয়ারম্যানের ছুটি ছাড়া এতদিন ধরে ইতালিতে থাকার বিষয়টি তিনি জানেন না! কেউ তাঁকে অবহিতও করেননি!

এ ব্যাপারে জানতে স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব জেবুন নাহার শাম্মীকে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×