ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু
×

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া ঐর্দিকা ও তার ছোট ভাই তূর্য

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ২১:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২১:৪২

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয়।

গত ১ অক্টোবর রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের কুমোদ চন্দ্রনাথের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ বিস্ফোরণ হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন আহত হন।

নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্রনাথ বলেন, গত ১ অক্টোবর রাত ৯টার দিকে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ ঘরের মধ্যে গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা চারজন দগ্ধ হন। তাদের মধ্যে বড় মেয়ে মেয়ে ঐর্দিকা চন্দ্রনাথ (৮) ও ছেলে তূর্য চন্দ্রনাথের (৪) শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। স্বামী-স্ত্রীর শরীরের ২০ শতাংশের কম দগ্ধ হয়। একই দিন রাতে ঐর্দিকা ও তূর্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তূর্যের মৃত্যু হয়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঐর্দিকার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি নজরে এসেছে।

আরও পড়ুন

×