চাকরিতে পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের
চট্টগ্রাম প্রেস ক্লাবে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তারা দুর্দশার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তানজিনা আফরোজ। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ২১:২২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২১:২৭
চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যাংকের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট শাখার কর্মকর্তা তানজিনা আফরোজ। তিনি বলেন, আমার স্বামী আট মাস আগে স্ট্রোক করেছেন। তিনি ঘরবন্দি। মাও ব্রেইন স্ট্রোক করে অসুস্থ। তিনিও আমার সঙ্গে থাকেন। আমার ওপর পরিবারের সবার দায়িত্ব ছিল। এরই মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ ছাঁটাই নোটিশ দিয়েছে। আমার দুই সন্তানের শিক্ষককে বেতন দিতে না পেরে আগামী মাস থেকে আসতে নিষেধ করে দিয়েছি।
সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তা মোক্তার রশীদ বলেন, ‘ইসলামী ব্যাংকের এইচআর পলিসি মেনে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখন এসে কেন যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা?’
ছাঁটাই আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করার দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মীরা।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি সিভি দিয়ে চাকরিতে যোগ দেন। তাদের বেশির ভাগই ছিলেন চট্টগ্রামের পটিয়া ও পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা। আওয়ামী লীগ সরকার পতনের পর রদবদল আসে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে। ২০১৭ সালের পর ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ গত ২৭ সেপ্টেম্বর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। পাঁচ হাজার ৩৮৫ জন কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও মাত্র ৪১৪ জন পরীক্ষা দেন। যারা আসেননি, সেই চার হাজার ৯৭১ জনকে প্রথমে ওএসডি করা হলেও পরে প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়।
