ঘোড়াশাল সার কারখানা তৈরিতে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ’লীগ: আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২২:২৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সময় আওয়ামী সরকার এতটাই লুটপাট ও দুর্নীতিগ্রস্ত ছিল যে, নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরির প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে। শিল্পাঞ্চল-খ্যাত পলাশকে মরুভূমিতে পরিণত করেছে।
রোববার বিকেলে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার কারখানা থেকে সার এনে কারখানাটি চালুর উদ্বোধন দেখিয়েছে।
ড. মঈন খান বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না।
এই বিএনপি নেতা বলেন, ‘আমরা কথা দিতে চাই, যদি আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে ধনী-গরিবের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করে বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করব।’
সভাপতিত্ব করেন ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া। আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
- বিষয় :
- নরসিংদী
- ড. মঈন খান
- আওয়ামী লীগ
