ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিল্পপতি সিরাজুল ইসলামের জবানবন্দি

ইউসিবিএল থেকে ২০ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন জাবেদ

ইউসিবিএল থেকে ২০ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন জাবেদ
×

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৪:৫৮

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ২০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় জবানবন্দি দিয়েছেন চট্টগ্রামের শিল্পপতি ওয়েল মার্ট লিমিটেডের এমডি সৈয়দ সিরাজুল ইসলাম।

গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে সিরাজুল ইসলাম বলেছেন, জাবেদ নিজ মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে আমাকে ২০ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন। পরে সেই টাকা কৌশলে আমার কাছ থেকে নিয়ে নেন।

গত ২২ সেপ্টেম্বর ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটি বলছে, মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে শিল্পপতিকে চাপ দিয়ে ইউসিবিএল থেকে ২০ কোটি টাকা ঋণ নিতে বাধ্য করেন জাবেদ। নগরীর কালুরঘাটের ওয়েল মার্ট লিমিটেডের এমডি সৈয়দ সিরাজুল ইসলাম এ ঋণ নেন। পরে ঋণের সেই অর্থ তাঁর কাছ থেকে নিয়ে জাবেদ নিজের পারিবারিক শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তার নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। এরপর সেই টাকা বিদেশে পাচার করেন জাবেদ। সৈয়দ সিরাজুল ইসলামের কাছ থেকে ২০ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলাসহ পাঁচজনকে আসামি করে মামলাটি করে দুদক।

দুদকের পিপি মোকাররম হোসেন বলেন, দুর্নীতির মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন সৈয়দ সিরাজুল ইসলাম। জাবেদ চাপ দিয়ে ঋণ গ্রহণের নামে তাঁর কাছ থেকে ২০ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে জানিয়েছেন। এ মামলায় এটি গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি।

তবে কোন কাজের জন্য জাবেদ এই টাকা ঘুষ নিয়েছিলেন এবং সৈয়দ সিরাজুল ইসলাম ঘুষ দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আইনজীবী মোকাররম হোসেনও স্পষ্ট করে কিছু বলেননি।

আরও পড়ুন

×