ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি: নুর

নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি: নুর
×

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১১:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১১:৫১

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে পাচ্ছি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচন হবে, আমরা সবাই আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে। তাই গণঅভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে; জামায়াত যদি সরকারকে দুর্বল করে; আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করে তাকে যদি নাস্তানাবুদ করি, তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, আমরা সেদিন বলেছিলাম- খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজেই আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি তাহলে গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ার মুক্তি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরও মুক্তি হয়েছে। আমরা যে কথা বলি তা ছয় মাস, এক বছর পরে হলেও বাস্তবে ফলে।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো. মশিউর রহমান সাদ্দাম, জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেয়।

আরও পড়ুন

×