ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইবিতে সাজিদ হত্যা

‘এরপর কি আমি?’, ব্যতিক্রমী প্রতিবাদ

‘এরপর কি আমি?’, ব্যতিক্রমী প্রতিবাদ
×

ইবি ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতার প্রতিবাদে এ সাইনবোর্ডটি স্থাপন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: সমকাল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৯:১৪

‘সাবধান! সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’ এমন লেখা সাইনবোর্ডটি স্থাপন করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়েছেন। এই সাইনবোর্ডে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে কত দিন পার হচ্ছে তা গণনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। 

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরে পাওয়া যায় সাজিদ আবদুল্লাহর লাশ। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। ভিসেরা রিপোর্ট অনুযায়ী, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার স্থাপিত সাইনবোর্ডে ক্ষণগণনার পাশাপাশি জাস্টিস ফর সাজিদ হ্যাশট্যাগের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ও প্রকাশ পেয়েছে। এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘সাজিদ হত্যার বিচার বিলম্বিত হওয়ায় আমরা (শিক্ষার্থীরা) বোর্ডটি স্থাপন করেছি, যেখানে প্রতিদিন সময় বদলে দেখানো হবে কতদিন পার হচ্ছে।’ এই বোর্ডের মাধ্যমে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিচারে দীর্ঘসূত্রতা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সবার সামনে তুলে ধরতে চান বলেও মন্তব্য করেন।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী বোরহান কবির বলেন, সাজিদের মৃত্যুর ৯০ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উল্টো ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। তাই সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে এটি স্থাপন করেছেন। দ্রুত সাজিদ হত্যার বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার নাহলে এই ঘটনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক ও ন্যায়বিচার বিলম্বিত করার উদাহরণ হয়ে থাকবে।

শিক্ষার্থীদের ব্যতিক্রর্মী কর্মসূচিতে ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও একাত্মতা ঘোষণা করেন। তারা প্রশাসনের দায়বদ্ধতা ও তৎপরতার বিষয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

আরও পড়ুন

×