সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ
সাইফুল ইসলাম মুকুল। ছবি: সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ২১:১৯
ভোলার চরফ্যাসনে সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে পৌর শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল গত বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মুকুল চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক মুকুল জানান, সবুজের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২০ জানুয়ারি তাঁর স্ত্রী দ্বিতীয় শ্রেণির ক্লাসে শিশুকন্যাকে টেবিলে বসিয়ে বাকবাকুম পায়রা কবিতা পড়িয়ে ভিডিও করেন। এটি ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘ম্যাডাম যখন দ্বিতীয় শ্রেণির ইংরেজি ক্লাসে বাকবাকুম পায়রা কবিতা শেখায়।’
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পেছনে সাংবাদিক মুকুলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলেন সবুজ। এ থেকে বিরোধ শুরু। একাধিকবার মামলার হুমকি দেন। গত মঙ্গলবার সকালে প্রতিবেশী হওয়ায় দুজনের দেখা হয়। ৭ নম্বর ওয়ার্ডে মসজিদের সামনে ওই সংবাদ প্রকাশ নিয়ে তর্ক হয়। প্রকাশ্যে সাংবাদিক ও তাঁর বাবাকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে সবুজ ওই স্থান থেকে পালিয়ে যান।
মুকুল বলেন, ‘এর আগেও আমাকে হত্যার হুমকি দিয়েছে। দ্বিতীয়বার হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।’
তবে অভিযুক্ত সবুজ হুমকির বিষয় অস্বীকার করে বলেন, ‘তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাঁকে হুমকি কেন দেব?’
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘জিডি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- হত্যার হুমকি
- সংবাদকর্মী
