ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাসের হারে তলানিতে কুমিল্লা বোর্ড, ভরাডুবি ইংরেজি ও উচ্চতর গণিতে

পাসের হারে তলানিতে কুমিল্লা বোর্ড, ভরাডুবি ইংরেজি ও উচ্চতর গণিতে
×

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১২:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১২:২৪

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। এ বছর বোর্ডে ফলাফল ভরাডুবি হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিতে। এ বছর পাস এবং জিপিএ-৫ এর প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৭৪৯, ছেলেরা জিপিএ- ৫ পেয়েছে ৯৫৮ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। 

চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দেন। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিলেন ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৫২ জন। পাশ করেন ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করেন ৩০ হাজার ৭০১, আর ছেলে পরীক্ষার্থী পাশ করে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩ দশমিক ৯০। 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষাবোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৪ দশমিক ৬২। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। ছাড়াও রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ , চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। 

কেন ফল বিপর্যয় এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন সমকালকে বলেন, এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। ইংরেজিতে পাস করেছেন ৬৫ দশমিক ২৮ এবং উচ্চতর গণিতে পাস করেছেন ৬০ দশমিক ৪৮ শতাংশ পরীক্ষার্থী। 

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন ৫টি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

আরও পড়ুন

×