এইচএসসি পরীক্ষা
বরিশাল বোর্ডে পাসের হার কমেছে প্রায় ২০ শতাংশ
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি-সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৬:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১৮:২৩
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার পাসের হার ৬২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন। বোর্ডের আওতাধীন ১২টি শিক্ষা বোর্ডে এবছর একজনও পাস করেনি। এই ১২ প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ৩৫ জন। তার মধ্যে ৬টিতে ছিল ১ জন করে।
বরিশাল বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ এবং জিপিএ- ৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন। এ হিসাবে গতবছরের চেয়ে পাসের হার ১৯ দশমিক ২৮ শতাংশ কমেছে এবং জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা অর্ধেকেরও কম।
বরিশাল বোর্ড অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, সারাদেশের সকল শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে বরিশাল বোর্ডের অবস্থান দ্বিতীয়।
পাশের হার ও জিপিএ-৫ কমার প্রসঙ্গে তিনি বলেন, সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার মানের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে। ফলাফলে এবার মেধার মূল্যায়ন করা হয়েছে।
শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ২০ ভাগ বেশি এগিয়ে। মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৪১ ভাগ এবং ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬০ শতাংশ।
- বিষয় :
- বরিশাল
- শিক্ষাবোর্ড
- বরিশাল বোর্ড
- এইচএসসি পরীক্ষা
