রাকসু নির্বাচন
৫ ঘণ্টায় ভোট পড়েছে ৬০ শতাংশ: প্রধান রিটার্নিং কর্মকর্তা
প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি-সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৬:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১৭:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরুর সোয়া ৫ ঘণ্টায় গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক সেতাউর রহমান বলেন, দুপুর সোয়া ২টা পর্যন্ত বিভিন্ন হলগুলোতে গড়ে প্রায় ৫৫, ৬০, ৬২ শতাংশের মতো ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে কিছু কিছু হলে ভালো ভোট পড়েছে। যেমন সোহরাওয়ার্দী হলে পৌনে ২টার আগে ৫৭ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবকিছু সুন্দরভাবেই হচ্ছে।
এবারের রাকসুতে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ভোট দেবেন। রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী রয়েছে। এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ পদে মোট ৫৮ জন প্রার্থী লড়ছেন।
- বিষয় :
- ভোট
- রাকসু নির্বাচন
- ছাত্র সংসদ নির্বাচন
