রাকসু
ভিপি-এজিএসে শেরে বাংলা হলেও এগিয়ে শিবির, জিএসে আম্মার
রাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে। মধ্যরাতে শহীদ মিনারে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ০৩:৫২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ০৪:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছেলেদের শেরে-বাংলা ফজলুল হক হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতেও নারীদের ছয় হলের মতো ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯৭ ভোট।
এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪১৯টি। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ২৮২ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফলাফল ঘোষণার মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত মেয়েদের ছয়টি হলের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৭টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষ হলে বিকেল পৌনে ৫টার ভেতর মিলনায়তনে ব্যালট বাক্স নিয়ে আসা হয়। পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। রাত ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে।
রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব।
এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।
- বিষয় :
- রাকসু নির্বাচন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
