ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে সভায় এ. কে. আজাদ

অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই

অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই
×

শুক্রবার সন্ধ্যায় আগুনে ক্ষতিগ্রস্ত হারুন মিয়ার বাড়িতে সাবেক এমপি এ. কে. আজাদ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২২:০৬

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেছেন, ফরিদপুরের গরীব অসহায় মানুষের কল্যাণে তিনি কাজ করে যেতে চান। জনগণের পাশে থাকাই তার প্রতিজ্ঞা। আজ শুক্রবার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে মত বিনিময়কালে ও জনসভায় এসব কথা বলেন তিনি।

এদিন সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গেরদার বাসিন্দা হারুন মিয়ার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। গত বছর ২৬ মার্চ রিকশাচালক হারুন মিয়ার বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, নিজের রিকশা বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন হারুন। তৎকালীন সংসদ সদস্য এ. কে. আজাদ হারুন মিয়ার পাশে দাঁড়ান। তিনি তখনই তাকে একটি বাড়ি করে দেন এবং বিভিন্ন সরকারি সাহায্যের ব্যবস্থা করেন। এ. কে আজাদকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এ সময় বাড়ির প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমবেত হন এবং এ. কে. আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রফেসর আলম মিয়া, স্কুল শিক্ষক শামীম মিয়া, মাকসুদ আলী বিদু, রিয়াদ মিয়া প্রমুখ। এরপর স্থানীয় ফুলবাড়িয়া বাজারে এলাকাবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ. কে. আজাদ।

এর আগে দুপুরে ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ফলক উন্মোচন করেন এ. কে. আজাদ। পালা বাদলের ছড়াকার হিসেবে পরিচিত এনায়েত হোসেনের নিজ গ্রামে তার নামে স্মৃতি সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকায় এনায়েত হোসেনের বাড়ির পাশে স্মৃতি সংসদের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ. কে. আজাদ।

লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, ড. মো. আবুল হাশেম, সমাজসেবক শামীম আরা বেগম ও ফারাহ দিবা, ছড়াকারের পুত্র কাওসার হোসেন প্রমুখ। সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সহ-সভাপতি হারুনার রশিদের সঞ্চালনায় সভার শুরুতে এনায়েত হোসেনকে নিয়ে কবিতা পাঠ করেন শহীদ আল ফারুক।

সভায় এ. কে. আজাদ বলেন, এনায়েত হোসেনের মত সংগ্রামী মানুষ সমাজে খুব কমই জন্মায়। তাঁর সততা, নিষ্ঠা ও সাহস আমাদের জন্য সাম্য ও মৈত্রীর প্রেরণা যোগায়। এনায়েত হোসেনকে নিয়ে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি এবং সেজন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সকালে এ. কে. আজাদ জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বাজারের ব্যবসায়ী, ক্রেতাসহ সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে খুশী হন। অনেকে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন। পরে প্রয়াত কর্মী হাকিম বিশ্বাসের কবর জিয়ারত করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ আব্দুল জলিল বলেন, আপনার (এ.কে. আজাদ) উপস্থিতি এ জনপদের মানুষের জন্য সৌভাগ্যের। এ সময় হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আবুল বাতিন, মানোয়ার হোসেন, শহীদ আল ফারুক, মাকসুদ আলী বিদু, জাহাঙ্গীর হোসেন, রাফিজুল খান প্রমুখ তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন

×