সড়ক দুর্ঘটনায় আহত
দুই বছর কোমায় থেকে মারা গেল আবির
আবির হাসান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২২:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ২২:৪২
দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির হাসান (১২) মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়।
আবিরের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২০২৩ সালের ১০ নভেম্বর জুমার নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল ১০ বছর বয়সী আবির। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবির গুরুতর আহত হয়। প্রথমে তাকে চাটমোহর হাসপাতালে, পরে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। সেখানে কয়েক দফা মাথায় অস্ত্রোপচার করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে।
