ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ১১ রোহিঙ্গা আটক

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ১১ রোহিঙ্গা আটক
×

বাংলাদেশে অনুপ্রবেশকারী নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা

কুড়িগ্রাম ও নাগেশ্বরী প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২২:৪৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

সোনাহাট স্থলবন্দর এলাকায় ঘোরাঘুরির সময় বিজিবির টহল দল আটক করে তাদের। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ঠেলে দিয়েছে কিনা, নিশ্চিত হতে পারেনি বিজিবি।

আটকরা হলেন– উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম, রাজিয়া বেগম, আড়াই বছরের শিশু নুর সাহিদা, মো. শফিউল্লাহ, মো. নুরনবী, বালুখালী ক্যাম্পের আমিনা বেগম, আব্দুল আজিজ, কিশোরী রিফা খাতুন (৯), শিশু আবু (৭), সাফা (৬), কক্সবাজারের কলাতলী এলাকার ইমান আলী ও ইসমাইল আজাদ।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, এক বছর আগে তারা উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় কাজ করতেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনও কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে থাকেন।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, আটকরা যে ঠিকানা দিয়েছেন তা মিলছে না। তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি ১১ জনকে থানায় পাঠিয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×